ভূমিধস বিজয়; প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পূর্বঘোষণা অনুযায়ী চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসনে জয় পেয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হওয়ার অবস্থানে রয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে বিএনপি। গভীর রাতে প্রাপ্ত ২৯৬টি আসনের ফলাফলে বিএনপি ২০৭টি আসনে জয়লাভ করেছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ১২টি আসনে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রয়েছে এবং কয়েকটি আসনের ফলাফল মামলার কারণে স্থগিত আছে।

এবারের নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুটি আসনেই জয়লাভ করেছেন। বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এই জয়ের তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে জয়লাভ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত সংস্কারসংক্রান্ত গণভোটেও ‘হ্যাঁ’ ভোট বড় ব্যবধানে জয়লাভ করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণভোটে ৭৫ শতাংশের বেশি ‘হ্যাঁ’ ভোট পড়েছে। সংসদ নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ।

নির্বাচনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের ইতিহাসে এটি অন্যতম শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন এবং এর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো।

More From Author

নির্বাচন শেষে কোন দল কত আসন পেল

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের, থাকতে পারেন মন্ত্রিসভায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *