অভিজিৎ ব্যানার্জি, ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। জনস্বাস্থ্য সুরক্ষা এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সকল কার্যালয়ে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২৬ একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে সকল কার্যালয়ে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত, তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং দৃশ্যমান স্থানে তামাকবিরোধী সাইন/সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১৯ আগস্ট ২০২৬ বিবিএসের সভাকক্ষে ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিবিএসের আয়োজনে এবং উবিনীগের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত সভায় কর্মক্ষেত্রে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।
বিবিএসের আওতায় ৮টি বিভাগীয় শহরে পরিসংখ্যান অফিস, ৬৪টি জেলায় জেলা পরিসংখ্যান অফিস এবং ৪৯২টি উপজেলা পরিসংখ্যান অফিসে উদ্যোগ বাস্তবায়িত হবে।
উবিনীগের পক্ষ থেকে বিবিএসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে এ উদ্যোগ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কর্মক্ষেত্র তামাকমুক্ত করতে উৎসাহিত করবে।
এর আগে তামাক নিয়ন্ত্রণে নীতি-অ্যাডভোকেসি আরও জোরদার করা, আইন শক্তিশালীকরণে বিধি প্রণয়ন প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তাবিনাজ (তামাকবিরোধী নারী জোট) সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী আবাসিক কর্মশালা আয়োজন করে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি-নির্ধারণী গবেষণা)।
১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার গুলশানে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় দেশের ৮টি বিভাগ ( ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ) থেকে তাবিনাজের ২৩ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের বর্তমান আইন ও আইনের আলোকে দ্রুত বিধি প্রণয়ন, তামাকপণ্যে কার্যকর করারোপ, উদীয়মান তামাক ও নিকোটিন পণ্য এবং ভবিষ্যৎ অ্যাডভোকেসি কৌশল নিয়ে আলোচনা হয়।