শহীদ আবু সাইদ হত্যা এবং জুলাই যুদ্ধে শহীদদের স্মরণে বাংলাদেশ সুশীল ফোরামের আলোচনা সভা

অভিজিৎ ব্যানার্জি, ঢাকা:    শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, তাদের জীবন ও আত্মত্যাগকে শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে আলোচনা সভা করে বাংলাদেশ সুশীল ফোরাম। গতকাল ১৫ই জুলাই ২০২৬ইং বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘শহীদ আবু সাঈদ হত্যা ও জুলাই যুদ্ধে নিহত শহীদদের স্মরণে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস এম শহীদুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক নূর নবী মানিক। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি আলতাফ উদ্দিন মোল্লা, শহীদ আবু সাঈদের বড় ভাই মো. রমজান আলী, বাংলাদেশ সুশীল ফোরামের সাধারণ সম্পাদক ডা. আল হাসান মোবারক, বাংলাদেশ মুসলিম সমাজের সভাপতি মো. মাসুদ হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ সুশীল ফোরামের সহ-সভাপতি ডা. আবুল হাসনাত মো. আমিন, ফজলুল করিম শামীম, জবা ইসলাম, বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক নূর নবী মানিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তরুণদের নেতৃত্বে সংঘটিত এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। অনেকেই এ আন্দোলনকে দেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে অভিহিত করেন।

জুলাই সনদের প্রসঙ্গ তুলে নূর নবী মানিক বলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির অংশগ্রহণে প্রণীত এ সনদের প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে বিলম্ব হলে তা শহীদদের আত্মত্যাগের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হবে।

বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ বলেন, জনগণের রায় ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা নতুন করে স্বৈরতান্ত্রিক প্রবণতার জন্ম দিতে পারে। তাই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, তাদের জীবন ও আত্মত্যাগকে শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তারা বলেন, জুলাই সনদের বাস্তবায়নই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাই গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। 

বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের স্বপ্ন বাস্তবায়নেই প্রতিষ্ঠিত হবে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ।

More From Author

জনগণকে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে-  মহিউদ্দিন আহমেদ

রক্তের ঋণ ভুলে যাওয়ার আগে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশকে একত্রিত হওয়ার আহ্বান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.