জাতীয় ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। শনিবার বেলা সাড়ে তিনটার পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান বলেন, “এবার দেশ গড়ার পালা। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিজয়ের পর দলের নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, তারা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করেছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দল ও জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয়ের শোকরিয়া আদায় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান। বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

More From Author

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের গেজেট প্রকাশ

৬৪ জেলায় ৫৬৫ জন পর্যবেক্ষকের মাধ্যমে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নির্বাচন পর্যবেক্ষণ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *